মাইকে ডাকাত ঘোষণা দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা, আহত ৫
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে মসজিদের মাইকে ‘এলাকায় ডাকাত ঢুকেছে’ ঘোষণা দিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় শিবির কর্মী আবদুল লতিফ তাঁর লোকজন নিয়ে প্রতিপক্ষ নূর মোহাম্মদের ছেলে মো. হানিফ ওরফে মিন্টুর ওপর হামলা চালান। এ সময় হানিফের পরিবারের তিনজনসহ গাড়িচালক আহত হন। হানিফ ও তাঁর গাড়িচালককে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে ব্যবসায়ী হানিফ শুক্রবার রাত আড়াইটার দিকে মাইক্রোবাস নিয়ে কক্সবাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় শান্তিনগর বাইতুল ছালাম জামে মসজিদের মাইকে এলাকায় ‘ডাকাত ঢুকেছে’ বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা শিবিরের কর্মী আবদুল লতিফের নেতৃত্বে একদল যুবক হানিফ ও তাঁর মাইক্রোবাসচালককে বেধড়ক মারধর করেন। চিৎকারে হানিফের বাড়ির লোকজন ঘটনাস্থলে এলে দেশীয় অস্ত্র দিয়ে তাঁদেরও মারধর করা হয়। এতে হানিফের বাবা নূর মোহাম্মদ, মা ফাতেমা খাতুন, স্ত্রী শান্তা ইসলাম আহত হন। বাধা দিতে গেলে মাইক্রোবাসচালক জহির হোসেনকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। এ সময় তাঁদের মাইক্রোবাসটিও ভেঙে ফেলা হয়। নূর মোহাম্মদ বলেন, ‘শিবির নেতা আবদুল লতিফদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ জন্য তাঁর রাজনৈতিক বন্ধুরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে অতর্কিতে হামলা করেছে। এ ঘটনায় আমি থানায় মামলা করব।’
তবে আবদুল লতিফ বলেন, ‘আমাকে ও আমার এক বন্ধুকে কক্সবাজার নিয়ে মারধর করার কারণে আমাদের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর করেছেন। মসজিদের মাইকে কে ঘোষণা দিয়েছেন আমি তা জানি না।’ রায়পুর উপজেলা (উত্তর) শিবিরের সভাপতি আবদুল করিম বলেন, পরিকল্পিতভাবে শিবিরের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায়নি। এটা দুটি পরিবারের বিষয়। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।
রায়পুর থানার এসআই জহির হোসেন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানাননি। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।