মাইক্রোবাস থামিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির মাইক্রোবাসের চালক রজব মিয়াকে গুলি করে সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের দেওয়ানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মাইক্রোবাসের আরোহী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা আবুল বাশার বলেন, কোম্পানির মাইক্রোবাসে করে তাঁরা সোশ্যাল ইসলামী ব্যাংকের ফতুল্লা শাখা থেকে ২৮ লাখ ৪৭ হাজার টাকা তুলে মুন্সিগঞ্জের মুক্তারপুরে অবস্থিত কারখানায় ফিরছিলেন। পথে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের দেওয়ানবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলে করে এসে দুজন মাইক্রোবাসের গতিরোধ করে। এরপর আরেকটি মোটরসাইকেলে করে এসে তিনজন মাইক্রোবাসের জানালার কাচ ভেঙে চারটি গুলি ছোড়ে। একপর্যায়ে তারা টাকাভর্তি ব্যাগটি নিয়ে চলে যায়। মাইক্রোবাসের চালক রজব মিয়ার বাঁ হাতে গুলি লাগে। তাঁকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গুলি নয়, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।