মাইক্রোবাস থেকে নামিয়ে ইউপি চেয়ারম্যানসহ দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে মাইক্রোবাস থেকে নামিয়ে গুলি করে ও কুপিয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনির হোসাইনসহ (৪০) দুজনকে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড মোড়ে সন্ত্রাসীরা সাত-আট মিনিটের মধ্যে ঘটনাটি ঘটিয়ে চলে যায়। নিহত চেয়ারম্যান মনির তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অপরজন দাউদকান্দির সরকারপুর গ্রামের মহিউদ্দিন (৩০)। তিনি মাইক্রোবাস চালকের সহকারী ছিলেন।
ওই ঘটনায় গুলিবিদ্ধ জিয়ারকান্দি গ্রামের কামাল হোসেনের ছেলে সুমন আহম্মেদ (২৮) ও রাজধানীর মিরপুরের সিরাজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মনির গত ২৮ মে জিয়ারকান্দি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
নিহত মনির হোসাইনের চাচাতো ভাই মোশাররফ হোসেন বলেন, জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁ গ্রাম থেকে গতকাল সকালে চেয়ারম্যান মনিরসহ ১১ জন মামলায় হাজিরা দিতে একটি মাইক্রোবাসে করে কুমিল্লা শহরের উদ্দেেশ রওনা হন। সকাল সোয়া আটটার দিকে মাইক্রোবাসটি গৌরীপুর বাসস্ট্যান্ড মোড় এলাকায় পৌঁছানোর পরপরই একদল মুখোশধারী সন্ত্রাসী গতিরোধ করে। তারা মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে মনির হোসাইনকে মাইক্রোবাস থেকে নামিয়ে নিয়ে তারা গুলি করে। তাঁকে কোপানোও হয়। এ সময় তাঁর সঙ্গীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে কয়েকজনকে জখম করে। গুরুতর অবস্থায় ইউপি চেয়ারম্যান মনির, মহিউদ্দিন, সুমন ও
ইসমাইলকে দ্রুত গৌরীপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনির ও মহিউদ্দিনের মৃত্যু হয়।
গৌরীপুর বাসস্ট্যান্ডের পাশের এক চা-দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালের দিকে একটু কুয়াশা ছিল। এর মধ্যে হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। সাত থেকে আট মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে যায়।
মনিরের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে বলল, কুমিল্লায় গিয়ে নাশতা করবে। আধা ঘণ্টার কিছু পরই জানলাম, তাঁকে গুলি করে ও কুপিয়ে জখম করা হয়েছে।’
কুমিল্লা জেলা ডিবির ওসি এ কে এম মনজুর আলম বলেন, ইউপি চেয়ারম্যান মনিরের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় ২২টি মামলা ও চারটি জিডি রয়েছে। এর মধ্যে হত্যা মামলা দুটি, দ্রুত বিচার আইনে চারটি এবং অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে। বাকি মামলাগুলো হয়েছে পুলিশের কাজে বাধা, চাঁদাবাজি ও মারামারির অভিযোগে।