মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ
বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় নিখোঁজ হয়েছেন বলে গতকাল বিকেলে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অনিরুদ্ধের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, গতকাল রোববার বিকেলে গুলশান ১ এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে কয়েকজন তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অনিরুদ্ধ কুমার রায় আরএমএম গ্রুপ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। আরএমএম গ্রুপ পোশাক, চামড়াসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। অনিরুদ্ধ রায় সাতবার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন বলে পরিবারের সূত্রগুলো জানিয়েছে।
পরিবারের একটি সূত্র জানায়, গতকাল বিকেলে তিনি গুলশান-১-এ নিজের গাড়িতে ওঠার সময় সাত-আটজন এসে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাঁর ভাগনে কল্লোল হাজরা গুলশান থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গুলশান-১-এ দাঁড়িয়ে থাকা রুপালি রঙের একটি টয়োটা হাইয়েস মাইক্রোবাসে তিনজন অনিরুদ্ধকে উঠিয়ে নেন। তাঁর গাড়িচালক শাহ আলমসহ অন্যরা পুরো বিষয়টি দেখেছেন এবং ইউনিয়ন ব্যাংকের সিসি টিভি ক্যামেরায়ও এই ফুটেজ ধরা পড়েছে।
পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ তাঁর খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, স্বজনেরা থানায় ব্যবসায়িক বিরোধের কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ তাঁকে তুলে নিয়ে গেছে।