মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা, আটক ৬
মাইক্রোবাস ছিনতাই করে পালানোর সময় ছয় ছিনতাইকারীকে আটক করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নী এলাকা থেকে পুলিশ তাঁদের আটক করে। পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ছিনতাইকারীদের দলনেতা সিরাজগঞ্জ সদরের বাঐতারা গ্রামের আব্দুল আওয়াল (২৬), আরিফুল ইসলাম (২২), রিপন শেখ (২৪) আরিফুল ইসলাম (২২), কামারখন্দ উপজেলার ভারাঙা গ্রামের হাসান আলী (২৩) ও শরিফুল ইসলাম (২৫)।
পুলিশের ভাষ্য, ছিনতাইকারীরা যাত্রী বেশে ঢাকা যাওয়ার কথা বলে সোমবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসটি সিরাজগঞ্জের কড্ডা এলাকা পার হলে ছিনতাইকারীরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শেষে রাস্তার পাশে ফেলে দেয়। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা এলাকায় চেকপোস্ট বসায়। রাত একটার দিকে মহাসড়কের ওই স্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে ছিনতাইকারীরা মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে পাঁচজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দলনেতা আব্দুল আওয়ালকে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান জানান, আটককৃতদের আজ মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মাইক্রোবাস চালকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই ছয়জনকে আটক করে। এ ঘটনায় ওই চালক বাদী হয়ে থানায় মামলা করবেন। ছিনতাইকারী চক্রের আরও কয়েকজনকে আটকের জন্য অভিযান চলছে।