মাইক্রোবাস থেকে নেমেই দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত কাজের অংশ হিসেবে বনানীর কাকলী ক্রসিংয়ে যানবাহন থামিয়ে কাগজ পরীক্ষা করছিল ট্রাফিক পুলিশ। গতকাল রোববার বেলা একটার দিকে থামার সংকেত দেওয়া হয় একটি মাইক্রোবাসকে। মাইক্রোবাসটি থামানো মাত্রই দরজা খুলে দৌড় দিলেন দুজন। সন্দেহের বশে মাইক্রোবাসসহ চারজনকে আটক করে পুলিশ। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি করে অস্ত্র-গুলিসহ র‍্যাবের অনুরূপ পোশাক, হাতকড়া ইত্যাদি পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে আটক চারজন হলেন সঞ্জয় সরকার (৩৮), সেলিম মিয়া (৪০), হারুন অর রশিদ (৩৬) ও বাদশা মিয়া (৩০)। গাড়িটি তল্লাশি করে একটি পিস্তল, পাঁচটি গুলিভর্তি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, তিনটি কালো রঙের র‍্যাব লেখা জ্যাকেট ও এক জোড়া হাতকড়া পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এসব তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল আলম বলেন, বেলা পৌনে একটার দিকে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৬-১০৫৪) থামানোর জন্য সংকেত দেওয়ার পরপরই দুজন পালিয়ে যান। কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক, সার্জেন্ট ও অন্য সদস্যরা মিলে গাড়িটিসহ চারজনকে ধরে ফেলেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র-গুলিসহ এসব অবৈধ সামগ্রী পাওয়া যায়। এই অপরাধীরা র‍্যাব পরিচয় দিয়ে অপরাধ করত বলে ধারণা করা হচ্ছে। সার্জেন্ট রিপন চন্দ্র সরকার বাদী হয়ে এ বিষয়ে মামলা করেছেন।

ট্রাফিক উত্তর বিভাগ বলেছে, উদ্ধার করা পিস্তলটির গায়ে যুক্তরাষ্ট্রে তৈরি এবং একটি ইগল পাখির ছাপ রয়েছে। এদিকে অপরাধীদের তথ্যভান্ডার (ক্রিমিনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম—সিডিএমএস) থেকে এসব অপরাধীর তথ্য মিলিয়ে জানা গেছে, তাঁদের মধ্যে দুজন পুরোনো অপরাধী। এর মধ্যে সেলিম মিয়া বরিশালের কোতোয়ালি থানায় দস্যুতাসহ অন্য অভিযোগে করা দুটি মামলার আসামি। আর হারুন অর রশীদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি।