কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকায় গত শুক্রবার পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মাইক্রোবাসে চাপা পড়ে যুবক নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসচালক আবুল বাসারকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করেছে নিহত যুবকের পরিবার।
এদিকে মো. রাসেল (২৪) নামের ওই যুবকের লাশ গুমের অভিযোগে উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তিন পুলিশ সদস্যকে আটকে বেধড়ক পেটায়। এ ঘটনায় পুলিশের গাড়িতে আগুন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় শুক্রবার রাতে মামলা দুটি করা হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া প্রথম আলোকে বলেন, নিহত রাসেলের বড় ভাই মো. মানিক মাইক্রোবাসচালক আবুল বাসারের বিরুদ্ধে মামলাটি করেছেন। আর পুলিশ বাদীর মামলাটি করেছেন সদর দক্ষিণ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহির আলম। বাসারকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উভয় মামলার তদন্তের দায়িত্ব চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই আবদুল হককে দেওয়া হয়েছে।
শুক্রবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকায় পুলিশের মাইক্রোবাসের চাপায় রাসেল নিহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে লাশ গুমের অভিযোগ তোলে। একপর্যায়ে তারা পুলিশের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
দুর্ঘটনার সময় রাসেলের সঙ্গে আরও দুই যুবক ছিলেন। কোতোয়ালি মডেল থানার পুলিশ বলেছে, ওই দুই যুবক হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার দশানি টবগা গ্রামের ফুয়াদ হোসেন ওরফে সৈকত (২৫) ও একই উপজেলার ছয়ানি তাবেগা গ্রামের মো. রানা (২৫)। ফুয়াদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। আর রানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
নিহত রাসেলের বড় ভাই মানিক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমারে দিয়ে মামলা করিয়েছে। তারা যেমনে বলছে, আমি তেমনে মামলা করেছি। নইলে তারা লাশ দেবে না বলেছে।’
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেহেতু মামলা ছাড়া লাশ দেওয়ার সুযোগ নেই।
এদিকে প্রথম আলোর নোয়াখালী অফিস জানায়, রাসেলের লাশ গতকাল সকালে নোয়াখালীর চাটখিলের ভিমপুর এলাকায় তাঁর নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁর লাশ বাড়িতে পৌঁছায়।