মাইক্রোবাসে যাত্রী তুলে ছিনতাই!
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে মাইক্রোবাসে তিন যাত্রীকে তুলে নিয়ে মাঝপথে অস্ত্রের মুখে সর্বস্ব ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের লেমুয়ায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
ছিনতাইয়ের শিকার ব্যক্তিদের একজন ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল ছয়টার দিকে তিনি ফেনী যেতে বারইয়ারহাট মাইক্রোবাস স্ট্যান্ডে যান। সেখানে একটি মাইক্রোবাস ফেনী যাওয়ার যাত্রী খুঁজছিল। ওই গাড়িতে যাত্রীবেশে ৩-৪ জন যুবক বসা ছিলেন। তিনিসহ আরও দুজন তখন ফেনী যাওয়ার জন্য ওই গাড়িতে ওঠেন। মাইক্রোবাসটি প্রায় আধঘণ্টা চলার পর সকাল পৌনে সাতটার দিকে মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া নামের একটি জায়গায় হঠাৎ অস্ত্র দেখান ওই যুবকেরা। এরপর সাইফুলসহ তিন যাত্রীর পকেটে থাকা টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নিয়ে তাঁদের মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে চলে যান।
ফেনী সদর মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, এ ব্যাপারে হাইওয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।