মাইক্রোবাসে স্ত্রীর লাশ নিয়ে যাওয়ার সময় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বরে আক্রান্ত হয়ে স্ত্রী অজুফা বেগম (১৮) মারা গেছেন বলে প্রতিবেশীদের জানিয়েছিলেন ফয়েজ উদ্দীন। প্রতিবেশীরা এসে শোক প্রকাশ করেছেন। লাশের গোসল-কাফনেও সহায়তা করেছেন। এরপর শনিবার গভীর রাতে মাইক্রোবাস ভাড়া করে লাশ
নিয়ে অজুফার গ্রামের বাড়ির দিকে রওনা দেন ফয়েজ। পথে টহল পুলিশ মাইক্রোবাস থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের
সন্দেহ হয়। লাশ নামিয়ে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আটক করা হয় ফয়েজকে।
পুলিশ জানিয়েছে, স্বাভাবিক কোনো উপায়ে অজুফার মৃত্যু হয়নি। আর মর্গ সূত্র জানিয়েছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তাঁর ভিসেরা সংরক্ষণ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মারা যাওয়া নারীর বাবাও হত্যার অভিযোগ তুলেছেন।
গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় অজুফার বাবা আবদুল মান্নানের সঙ্গে। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। তাঁর মেয়ে ভাষানটেক ৩ নম্বর কাজলের টেক এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। মান্নান বলেন, নয় মাস আগে নিজের পছন্দে দিনমজুর ফয়েজ উদ্দীনকে বিয়ে করেছিলেন অজুফা। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য অজুফাকে নির্যাতন করা শুরু করেন ফয়েজ। একবার সাত হাজার টাকা দিয়ে ফয়েজকে শান্ত করা হয়। এরপরও তিনি টাকা দাবি করে আসছিলেন।
অজুফার বাবা বলেন, ‘শনিবার রাতে খবর পাই অজুফা মারা গেছে। তাকে মেরে ফেলা হয়েছে।’
অজুফার চাচা রোকন উদ্দিন বলেন, শনিবার রাতে অজুফা জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে বলে পাড়াপড়শিকে জানান ফয়েজ। এরপর কাফনের কাপড় পরিয়ে একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ বলেন, থানার একটি টহল দল শনিবার গভীর রাতে লাশবাহী মাইক্রোবাসটি আটকায়। ফয়েজ উদ্দীনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে গাড়ি জব্দ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আর ফয়েজকে আটক করা হয়।
মারা যাওয়া নারীর স্বজনেরা থানায় অপমৃত্যুর একটি অভিযোগ দিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত মামলা হয়নি। এটা স্পষ্ট যে জ্বরে আক্রান্ত হয়ে অজুফার মৃত্যু হয়নি। তাঁর গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।