মাইক্রোবাসে হাত-মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ!
মাইক্রোবাসে তুলে হাত ও মুখ বেঁধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঋণের টাকা শোধ করতে গিয়ে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই গৃহবধূর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তিনি স্বামীর সঙ্গে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় থাকেন। তাঁর স্বামী পেশায় একজন যানবাহন শ্রমিক।
ওই গৃহবধূর চাচাতো ভাই বলেন, মানিকগঞ্জ থাকা অবস্থায় তাঁর বোন এক দোকান থেকে কেনাকাটা করতেন। ওই দোকানে কয়েক হাজার টাকা বকেয়া ছিল। গত মঙ্গলবার তাঁর বোন টাকা পরিশোধের জন্য মানিকগঞ্জে ওই দোকানে যান। দোকানদার তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। দোকানদার পরিচিত হওয়ায় তাঁর বোন ওই প্রস্তাবে রাজি হন। রাত সাড়ে সাতটার দিকে দোকানদার তাঁর বোনকে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে সাভারের উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড থেকে আরও দুজন ওই মাইক্রোবাসে ওঠেন। এরপর তাঁরা তাঁর বোনের হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন। রাত ১১টার দিকে তাঁরা ঢাকার সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পাশের একটি জঙ্গলে তাঁর বোনকে ফেলে দিয়ে চলে যান। রাতে টহলে থাকা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান তাঁকে উদ্ধার করে রেডিওকলোনি এলাকায় সাহারা ফিলিং স্টেশনে নিয়ে আসেন। এরপর ওই কর্মকর্তা তাঁর মুঠোফোন থেকে ফোন দিয়ে বিষয়টি তাঁর ভগ্নিপতিকে জানান। এরপর ভগ্নিপতির মাধ্যমে তিনি (গৃহবধূর চাচাতো ভাই) বিষয়টি জানতে পেরে ওই ফিলিং স্টেশনে যান এবং তাঁর বোনের মুখে ঘটনাটি শোনেন। রাত একটার দিকে তিনি তাঁর বোনকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যান।
আজ বুধবার ওই গৃহবধূর স্বামী বলেন, তিনি পেশাগত কারণে মঙ্গলবার রাতে ঢাকার বাইরে ছিলেন। এ ঘটনায় তিনি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুত নিচ্ছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে ওসিসিতে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
এসআই বলেন, মহাসড়কে টহল দেওয়ার সময় রাত ১১টার দিকে বিপিএটিসির সামনে ওই গৃহবধূকে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তিনি সেখানে দাঁড়িয়ে কান্না করছিলেন আর কাঁপছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূ বলেন, মাইক্রোবাসে তুলে হাত-মুখ বেঁধে তাঁকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাস্থল মানিকগঞ্জ হওয়ায় তাঁদের মানিকগঞ্জ পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।