মাইনুলের বিরুদ্ধে মারধরের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাঁর সহকর্মী এবং হোটেলের চার কর্মচারীকে মারধর করার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গতকাল বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।

পরিদর্শক পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তার নাম মাইনুল ইসলাম ভূঁইয়া। তিনি নগরের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন। এর আগে তিনি সদরঘাট ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন।

৩ জুলাই রাতে পরিদর্শক মাইনুল নগরের আগ্রাবাদের হোটেল সেন্টমার্টিনে ওই পাঁচজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার তদন্তে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন নগর পুলিশ কমিশনার।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি হাতে পাওয়ার পর পড়ে যতটুকু জানতে পেরেছি মাইনুলের বিরুদ্ধে আনা অভিযোগের অনেকগুলো প্রমাণিত। যতটুকু অপরাধ তিনি করেছেন ততটুকু শাস্তি যেন পান সে জন্য পুলিশ সদর দপ্তরে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবরে একটি প্রতিবেদন আগামী রোববার পাঠানো হবে। পুলিশ সদর দপ্তরই সিদ্ধান্ত নেবে।’

পুলিশ সূত্র জানায়, ১৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে হোটেল কমকর্তা-কর্মচারীসহ ১৩ জন এবং ১১ জন পুলিশ সদসে৵র সাক্ষ্য নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

ঘটনার দিন রাত দেড়টার দিকে আগ্রাবাদ এলাকার হোটেল সেন্টমার্টিনের ৪১৫ নম্বর কক্ষে ওঠেন মাইনুল। তিনি হোটেল কর্মচারীদের কাছে নেশাজাতীয় পানীয় চান। কিন্তু দিতে দেরি হওয়ায় হোটেলের চারজন কর্মচারীকে মারধর শুরু করেন। এই হোটেলে অবস্থান করা বিদেশি কয়েকজন নাগরিকের নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে তখন সেখানে যান ডবলমুরিং থানার এসআই সৈয়দ আলম। হোটেলে গোলমাল হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় তাঁকেও মাইনুল মারধর করেন। এ ঘটনায় এসআই সৈয়দ আলম ডবলমুরিং থানায় জিডি করেন।

পরিদর্শক মাইনুল এর আগেও আরেকটি ঘটনায় সাময়িক বরখাস্ত হন। গত বছরের নভেম্বর মাসে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হয়। ২০১৬ সালের ২৩ মার্চ সদরঘাট থানার ওসি থাকার সময় তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতা ও তাঁর স্ত্রীকে মারধরে অভিযোগে মামলা হয়। পরে তদন্ত শেষে একই বছরের সেপ্টেম্বর মাসে ওই ঘটনাকে ভুল-বোঝাবুঝি উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।