মাওয়ায় বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক (শাড়ি ও কাপড়) জব্দ করেছে কোস্টগার্ড। নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্টগার্ডের দল এসে গত সোমবার বিকেলে এসব মালামাল জব্দ করে।
কোস্টগার্ডের পাগলা স্টেশন কার্যালয় সূত্র জানায়, জব্দ করা ভারতীয় মালামালের মধ্যে রয়েছে ৫ হাজার ৪টি শাড়ি, ১৯৮টি থ্রি পিস ও ২ হাজার ৭৬০ টুকরা থান কাপড়।
কোস্টগার্ড সূত্র জানায়, সোমবার অভিযানের সময় মাওয়াঘাটে ভারতীয় এসব অবৈধ শাড়ি গাড়ি বদল করে ঢাকায় নেওয়ার জন্য একটি ঘরের মধ্যে রাখা হয়। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন। তবে জড়িত ব্যক্তিরা অভিযানের খবর টের পেয়ে আগেই পালিয়ে যায়।
কোস্টগার্ডের পাগলা স্টেশনের কমান্ডার লে. মো. হাসান প্রথম আলোকে বলেন, এসব মালামাল ভারত থেকে সাতক্ষীরা সীমান্ত হয়ে দেশে প্রবেশ করে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়। তবে এর সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করার জন্য শুল্ক গোয়েন্দাদের হাতে এসব মালামাল তুলে দেওয়া হয়েছে।