মাকে কুপিয়ে হত্যা ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের (ইউপি) সোনাকুঁড় গ্রামে গতকাল বুধবার বিকেলে রিজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তাঁর ছেলে। স্থানীয় লোকজনের সহযোগিতায় রক্তাক্ত ধারালো দাসহ ছেলে পান্নু মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান সন্ধ্যায় প্রথম আলোকে জানান, হাটে বিক্রি করার জন্য পান্নু মা রিজিয়া বেগমের কাছে ৫ বস্তা ধান চান। কিন্তু মা ধান দিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে পান্নু বিকাল পৌনে পাঁচটার দিকে একটি ধারালো দা নিয়ে মাকে ধরে মাটিতে ফেলে বুকের ওপর উঠে গলায় পরপর পাঁচটি কোপ দেন। এতে শরীর থেকে মায়ের গলা প্রায় বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর রক্তমাখা দা নিয়ে পান্নু পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, পান্নু উন্মাদ-প্রকৃতির। সে ওই গ্রামের কৃষিজীবী মকছেদ মোল্লার ছেলে। এক ছেলে ও এক মেয়ের বাবা পান্নুর সঙ্গে ভয়ে তাঁর স্ত্রী সন্তানও থাকে না। মায়ের সঙ্গে শিশু ছেলে-মেয়ে দুটি নড়াইলে নানা বাড়ি থাকে। দুদিন আগে ছেলে তানভীর দাদা বাড়ি এসেছিল।
ওসি আরও জানান, পান্নু কোনো কাজকর্ম করে না। বসে বসে খায়। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। প্রায় আটমাস আগে বাবা-মার অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছিল। পরে বাবা-মা তাঁকে ছাড়িয়ে আনেন। রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। পান্নু তাঁর মাকে রাগ করে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন।