মাকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
মাকে খুঁজতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় গত সোমবার ওই কিশোরী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছে।
মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল কালাম মিয়া (৩২)। তিনি পাংশার কলিমোহর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা।
ওই কিশোরী জানায়, সে ঝিনাইদহে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে। সপ্তাহ খানেক আগে তার মাকে খুঁজতে কুষ্টিয়ায় আসে। মাকে না পেয়ে নানার বাড়িতে যাওয়ার জন্য কোর্ট কুষ্টিয়া রেলস্টেশনে পৌঁছায়। সেখানে কালাম নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। কালাম তাকে ফুসলিয়ে পাংশায় নিয়ে আসেন। পাংশার মুরাদপুরে তাঁর বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। কালাম বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। ২৪ ডিসেম্বর রাতে কালাম তাকে বাড়ি পৌঁছে দেবেন বলে বের হন। এতে সন্দেহ হলে সে কৌশলে ওই এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পাংশা থানার ওসি এস এম শাহ্জালাল বলেন, মামলা করার পর মেয়েটিকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিটি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।