বনশ্রীতে দুই ভাইবোন হত্যা মামলার একমাত্র আসামি মা মাহফুজা মালেককে জিজ্ঞাসাবাদের জন্য মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শুরু করেছে পুলিশ। মাহফুজা মালেকের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।
গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি বলেন, মাহফুজা মালেক মানসিক রোগাক্রান্ত হতে পারেন। এ জন্য তাঁকে জিজ্ঞাসাবাদে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ড সম্পর্কে এখনো নতুন কোনো তথ্য মেলেনি জানিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
মনিরুল ইসলাম বলেন, শুধু মা হিসেবে নয়, দোষে-গুণে ভরা একজন রক্ত-মাংসের মানুষ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে তিনি হত্যা করেছেন। তবে হত্যার উদ্দেশ্য কী, তিনি একাই হত্যাকাণ্ডে জড়িত নাকি তাঁর সঙ্গে এ ঘটনায় আরও কেউ ছিল—এ রকম আরও অনেক বিষয় মাথায় রেখে তাঁক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোনো চেতনানাশক ছাড়া একজন নারীর পক্ষে দুই শিশুকে হত্যা করা সম্ভব কি না, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘এটি আমার কাছে অসম্ভব মনে হয় না। তবে দুই শিশুকে চেতনানাশক খাওয়ানো হয়েছিল কি না, তা জানতে আমরা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’
গত ২৯ ফেব্রুয়ারি রামপুরার বনশ্রীতে নুসরাত আমান ও আলভী আমান নামে দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর পর র্যা বের জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা মাহফুজা মালেক হত্যার দায় স্বীকার করেন। মাহফুজা মালেকের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন। এখন তাঁর পাঁচ দিনের রিমান্ড চলছে।