মাকে বাড়ি থেকে তাড়ানো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে বিধবা মা সাফিয়া খাতুনকে ভিটেবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তাঁর ছেলেমেয়েরা। গতকাল বৃহস্পতিবার ওই বিধবার তিন ছেলে ও এক মেয়ে সংবাদ সম্মেলন করে ওই দাবি করেন। শহরের মুন্সিপাড়া মহল্লার খেজুরবাগ মসজিদ এলাকার বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিধবার ছেলে মো. মুজতাহিদ আলী। এ সময় বিধবার ছেলে মোফাকখার আলী, মুজাহিদ আলী ও মেয়ে সাবিহা আর্জুমান্দ বানু ও জামাতা মীর মোসাদ্দেক আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মুজতাহিদ বলেন, তাঁদের বাবা মৃত্যুর আগে শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ-সংলগ্ন ও বাঙালিপুর নিজপাড়া এলাকায় থাকা জায়গার সমপরিমাণ লিখে দিয়ে যান পাঁচ ছেলের নামে। মা সাফিয়া তাঁর (মুজতাহিদ) পারিবারিক অংশ হিসেবে পাওয়া বাড়িতে ছোট ছেলে মুস্তাফিজ আলীর সঙ্গে থাকতেন। মা ছোট ছেলের সঙ্গে থাকলেও তাঁরা সবাই মায়ের যাবতীয় খরচ দেন। এরপরও মুস্তাফিজ মায়ের নামে থাকা দোকান বিক্রি করেন। পরে মুস্তাফিজ মায়ের রাজবাড়ীর পৈতৃকসূত্রে পাওয়া জমিজমা নিজের নামে লিখে নেন। এ নিয়ে মুস্তাফিজের সঙ্গে তাঁর অন্য বড় বোন ও ভাইদের মনোমালিন্যের সৃষ্টি হয়। এ অবস্থায় তিনি (মুজতাহিদ) মুস্তাফিজকে তাঁর বাড়ি ছেড়ে দিতে বলেন। কিন্তু মুস্তাফিজ বাড়ি ছাড়তে টালবাহানা শুরু করলে তিনি বাড়ি উদ্ধারে আইনের আশ্রয় নেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়। পরে মা স্বেচ্ছায় ছোট ছেলের কথার প্রলোভনে পড়ে তাঁর (মুস্তাফিজ) বাড়িতে চলে যান। মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রশ্নই ওঠে না। এর আগে ১৩ অক্টোবর মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগে ওই চার ভাইবোনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন মুস্তাফিজ।
তবে মুস্তাফিজ বলেন, ‘মাকে আমার ভাইবোনেরাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এখনো তাঁরা আমাকে হুমকি দিচ্ছেন।’