মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরে সন্তানদের বিরুদ্ধে এক বিধবা মাকে তাঁর স্বামীর ভিটেবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার মা সাফিয়া খাতুন সংবাদ সম্মেলন করে তাঁর ছেলেমেয়ের বিরুদ্ধে ওই অভিযোগ করেন।
শহরের বাঙালিপুর নিজপাড়া মহল্লার দারুল উলুম মসজিদ এলাকার বাসিন্দা ছোট ছেলে মুস্তাফিজ আলীর বাড়িতে সাফিয়া ওই সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে সাফিয়া বলেন, তিনি শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মহল্লায় স্বামী মুর্ত্তজা আলীর বাড়িতে বসবাস করতেন। ২০০৯ সালে তাঁর স্বামী ছয় ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। স্বামীর মৃত্যুর পর তাঁর ঠাঁই হয় মুস্তাফিজের সংসারে। ছোট ছেলের আচরণে সন্তুষ্ট হয়ে তিনি রাজবাড়ী সদরে তাঁর পৈতৃক সূত্রে পাওয়া কিছু জমি তাঁকে (ছোট ছেলে) হেবা দলিলের মাধ্যমে দান করেন। এতেই ক্ষিপ্ত হন তৃতীয় ছেলে পরিবহন ব্যবসায়ী মোফাকখার আলী, ষষ্ঠ পুত্র মো. মুজতাহিদ আলী ও একমাত্র মেয়ে সাবিহা আরজুমান্দ বানু। ওই তিন সন্তান জোটবদ্ধ হয়ে তাঁকে স্বামীর ভিটেবাড়ি থেকে বের করে দিতে নানা রকম হুমকিধমকি দিতে থাকেন। তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। এ অবস্থায় স্থানীয়ভাবে বৈঠক বসে। ওই বৈঠকেও তাঁরা তাঁকে স্বামীর ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অনেক চেষ্টা চালান।
সাফিয়া আরও বলেন, ওই বৈঠকে তিনি স্বামীর রেখে যাওয়া ভিটেবাড়িতে থাকার আকুতি জানান। তাঁর কথায় ওই তিনজন উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তাঁকে গলাধাক্কা বা পুলিশ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করেন তাঁরা। একপর্যায়ে তাঁরা তাঁকে স্বামীর ভিটেবাড়ি ছাড়া করেন। সেই থেকে ছোট ছেলে মুস্তাফিজের বাঙালিপুর নিজপাড়ার বাড়িতে আশ্রয় হয়েছে তাঁর।
সাফিয়া বলেন, ‘তারা আমাকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে রাজবাড়ীতে একটি মামলাও দিয়েছে। তারা এখন আমাকে পাগল হিসেবে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে।’ সংবাদ সম্মেলনে সাফিয়া এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মুঠোফোনে মুজতাহিদ আলী বলেন, ‘আমার মা অশীতিপর। তিনি নিজে চলাফেরা করতে পারেন না। তিনি বর্তমানে ব্রেইন হেমারেজের রোগী। তাঁর জ্ঞান ও বুদ্ধি লোপ পেয়েছে। ভালোমন্দ বোঝার ক্ষমতা নেই। তাঁকে বাড়ি থেকে বের করে দিইনি। তিনি নিজেই ছোট ছেলের বাড়িতে চলে গেছেন।’ মায়ের বিরুদ্ধে মামলা করেছেন কি না জানতে চাইলে মুজতাহিদ আলী সংযোগ কেটে দেন।