মাকে মৃত দেখিয়ে...
কক্সবাজারের চকরিয়ার গুমখালীতে বড় বোন জাহানারা বেগমকে খুনের অভিযোগে ছোট ভাই নুরুল আমিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে নুরুল আমিন তাঁর মা রাবেয়া খাতুন মারা গেছেন—এ মিথ্যা তথ্য দিয়ে কক্সবাজারের আদালত থেকে জামিন নেন।
জাহানারা বেগম হত্যা মামলার বিচারের জন্য চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিতে এসে নুরুল আমিনের মা রাবেয়া খাতুন আদালতকে বিষয়টি জানান।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, ২০০৮ সালের ২৬ নভেম্বর চকরিয়ার গুমাখালী এলাকায় বড় বোন জাহানারাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই নুরুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের বছর নুরুল আমিন তাঁর মা রাবেয়া খাতুন মারা গেছেন—এ মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে তিনি পালিয়ে যান। বৃহস্পতিবার মা রাবেয়া খাতুন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে আদালতকে বিষয়টি জানান। তিনি জানান, এ ঘটনায় নুরুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।