মাকে লাঞ্ছিত করায় মেয়ের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় শ্বশুরবাড়ির লোকজন মাকে লাঞ্ছিত করায় ফারজানা আক্তার (২৪) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ফারজানার শ্বশুরকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার অনুযায়ী, দেড় বছর আগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহম্মদপুরের ফারজানার সঙ্গে মঙ্গলমুড়ার ফজলুল হকের ছেলে মো. জামাল হোসেনের (৩০) বিয়ে হয়। বর্তমানে জামাল বিদেশে আছেন। ১২ নভেম্বর বেলা সাড়ে তিনটায় ফারজানার মা শিরিন আক্তার মেয়ের শ্বশুরবাড়ি মঙ্গলমুড়ায় যান। সে সময় তিনি মেয়েকে সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে চান। তবে শ্বশুর ফারজানাকে দেবেন না বলে জানান। তবে মেয়েকে নিতে জোরাজুরি করায় শিরিনকে মারধর করে ঘর থেকে বের করে দেন শ্বশুরসহ অন্যরা। এ সময় মায়ের আপমান সহ্য করতে না পেরে বিষপান করেন ফারজানা। তখন শ্বশুর নিজেই ফারজানাকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টায় ফারজানার মৃত্যু হয়। পরে শ্বশুর লাশ নিয়ে পুনরায় মঙ্গলমুড়া এলাকায় এলে সেখানে যান ফারজানার বাবা জালাল মিয়া। এরপর তিনি কচুয়া থানায় মেয়ের শ্বশুরসহ চারজনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন ফারজানার শাশুড়ি শাহিনুর আক্তার (৫০), দেবর সাইফুল ইসলাম (২৩) ও কামাল হোসেন (২০)।