মাকে শ্বাসরোধ করে হত্যা, ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার চর সুজানগর মহল্লায় গত বুধবার রাতে মোমেনা খাতুন (৪৬) নামের এক নারীকে তাঁর ছেলে শ্বাসরোধে হত্যা করেছেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার পরেই পুলিশ মোমেনা খাতুনের ছেলে সিরাজুল ইসলামকে (৩০) আটক করে। পরে মোমেনার দেবর ছকির উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। সিরাজুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। মোমেনা খাতুনের লাশ ময়নাতদন্ত শেষে অন্য সন্তানদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেশী চার-পাঁচজনের সঙ্গে কথা বলে জানা যায়, মোমেনা খাতুনের স্বামী অনেক আগেই মারা গেছেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে সবারই পৃথক সংসার। তিনি ছোট ছেলের সঙ্গে থাকতেন। বুধবার রাত আটটার দিকে তিনি ছোট ছেলের ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় বড় ছেলে সিরাজুল ইসলাম ওই ঘরের সামনে গরু বেঁধে খাবার দিতে থাকেন। এতে আঙিনা নোংরা হওয়ায় তিনি ছেলেকে অন্যত্র নিয়ে গরুর খাবার দিতে বলেন। ছেলে তাঁর কথা না শোনায় একপর্যায়ে তিনি নিজেই গরুর দড়ি খুলে অন্যত্র সরানোর চেষ্টা করেন। এতে সিরাজুল ক্ষিপ্ত হন। বিষয়টি নিয়ে দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে সিরাজুল তাঁর মাকে মারপিট শুরু করেন এবং গলা টিপে ধরেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।