মাকে শ্বাসরোধ করে হত্যা, ছেলেকে জখম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে গত সোমবার রাতে সাজেদা খাতুন (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা সাজেদার ছেলে জিন্নাহ্ আলমকে (২৯) কুপিয়ে গুরুতর জখম করে।
জিন্নাহ্ আলম বলেন, একই উপজেলার হাটফাজিলপুর গ্রামের বাসিন্দা আবাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কে স্বামী হিসেবে দাবি করে তাঁর মা ২৮ সেপ্টেম্বর ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন। এ কারণে কেউ তাঁর মায়ের ওপর ক্ষুব্ধ হতে পারে।
বাগুটিয়া গ্রামের লোকজন জানান, বাগুটিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের মেয়ে সাজেদা খাতুন ও তাঁর ছেলে জিন্নাহ্ আলম রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাত-আটজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা জিন্নাহ্কে কুপিয়ে জখম করে। আর সাজেদকে ধরে নিয়ে বাড়ির পাশের মাঠে শ্বাসরোধে হত্যা করে।
রফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সাজেদা তাঁর কেউ নন। যাঁরা মিথ্যা সম্পর্ক প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তাঁরা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারেন।