মাকে হত্যা, ছেলের বিরুদ্ধে বাবার মামলা
চট্টগ্রামে মাকে হত্যা করে ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। নিহত কুমকুম চৌধুরীর স্বামী সুখময় চৌধুরী বাদী হয়ে গত শনিবার রাতে নগরের বন্দর থানায় ছেলে সুমিত চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ছাড়া আত্মহত্যার চেষ্টার ঘটনায় সুমিতের বিরুদ্ধে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। আহত সুমিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা নিচ্ছেন।
গত শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং এলাকায় ‘সাসটেইন সরকার টাওয়ার’ নামের একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে কুমকুম চৌধুরীর (৪২) লাশ উদ্ধার করে পুলিশ। মাকে হত্যার পর ছেলে সুমিত আত্মহত্যার চেষ্টা করেন।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার এসআই সঞ্জয় কুমার সিনহা প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমিত তাঁর মাকে হত্যার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন মা অসুস্থ থাকা ও পরীক্ষায় পাস না করায় বিষণ্নতা থেকে এ কাজ করেছেন তিনি। সুস্থ হওয়ার পর তাঁকে আদালতে হাজির করা হবে।