মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বিওসির মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২০ মার্চ সকালে দিলোয়ারা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেন তাঁর ছেলে আজিজুর রহমান (২৫)। এরপর তিনি পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই নিহত দিলোয়ারা বেগমের স্বামী নুরুল আলম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া বলেন, মোবাইল ট্র্যাকিং করে প্রথমে আজিজুরের অবস্থান শনাক্ত করা হয়। এরপর লোহাগাড়া থানাধীন বিওসির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাল বুধবার তাঁকে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে। মাদকের টাকার জন্য মাকে হত্যার কথা আজিজুর পুলিশকে জানিয়েছেন।
নুরুল আলম বলেন, দিলোয়ারাকে মাথায় কোপ দিয়ে হত্যা করেন তাঁর ছেলে। হত্যার বিষয়টি তাঁর মেয়ে তসলিমা আকতার দেখে ফেলে। এরপর আজিজুর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ছয় মাস আগে আজিজুর তাঁর স্ত্রীকেও কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তিনি জেলও খাটেন।