মাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে মাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে এ বিষয়ে মামলা হওয়ার পর গতকাল শনিবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, উপজেলার কালীবাড়ি এলাকার মৃত নায়েব আলী মণ্ডলের স্ত্রী আমেনা বেগমকে (৭৫) হত্যার দায়ে তাঁর ছোট ছেলে ইসাহাক আলী মণ্ডল (৪৫) ও পুত্রবধূ রেনু আরাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁদেরসহ আমেনার ছয় ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে বড়াইগ্রাম আমলি আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে আমেনা বেগম হত্যার অভিযোগে তাঁর বড় ছেলে ইয়াছিন আলী মণ্ডল বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন।
বড়াইগ্রাম থানার ওসি মো. শাহরিয়ার খান জানান, পারিবারিক ঝগড়া ফ্যাসাদ থেকে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার দুপুর থেকে আমেনা বেগম নিখোঁজ হন। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে তাঁর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।