মাকে হত্যার হুমকি দেওয়ায় মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ইমতিয়াজ আহম্মেদ সাকিল (১৯) নামের মাদকাসক্ত এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। সাকিলের বাড়ি ধুনট পৌর এলাকার উত্তর অফিসার পাড়ায়।
ধুনট থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। এ ছাড়া তিনি মাদকের টাকার জন্য তাঁর পরিবারের লোকজনের ওপর প্রায়ই অত্যাচার করেন। গত বৃহস্পতিবার সকালে সাকিল মাদক সেবন করে বাড়িতে ঢুকে মায়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় সাকিলের মা রোকেয়া খাতুন টাকা দিতে অস্বীকার করায় তাঁকে হত্যার হুমকি দেন তিনি। পরে রোকেয়া খাতুন ছেলের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ করেন। মায়ের এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সকাল ১০টার দিকে সাকিলকে গ্রেপ্তার করে। বেলা ১১টার দিকে সাকিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান সাকিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মা রোকেয়া খাতুন বলেন, ‘সাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকদ্রব্য কেনার টাকা না দিলে নানা ধরনের হুমকি দেয়। অনেক চেষ্টা করেও তাকে ফেরানো সম্ভব হয়নি। এ কারণে তাকে পুলিশের ধরিয়ে দেওয়া হয়েছে।’
থানাহাজতে আটক সাকিল বলেন, ‘আমি মাদকাসক্ত হয়ে পরিবারের লোকজনসহ অনেকের সঙ্গে খারাপ আচরণ করেছি। তবে এখন আমাকে ছেড়ে দিলে আমি আজ থেকে ভালো হয়ে যাব। জেলখানা আরও খারাপ জায়গা। সেখানে ভালো হওয়ার কোনো সুযোগ নাই।’
ধুনট থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মায়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে সাকিলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ডাদেশ দেন। তাঁকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।