মাগুরা শহরে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌরসভার আবালপুর গ্রামে ইয়ারুল ইসলাম (৪৫) নামে এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মুক্তিমঞ্চ ফাউন্ডেশন নামে একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. তারিকুজ্জামান মুকুল প্রথম আলোকে বলেন, আবালপুর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী পরিবেশ ও শিক্ষাবিদ মো. রউফ গুল্লু মুক্তিমঞ্চ ফাউন্ডেশন নামে সমাজকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান করেন। ফাউন্ডেশন থেকে দুস্থ-অসহায় ও অনাথ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। ফাউন্ডেশনের ভবন নির্মাণসহ আনুষঙ্গিক কাজ চলছে।
প্রতিষ্ঠানে তিন নিরাপত্তাকর্মী পালা করে দিনে-রাতে দায়িত্ব পালন করেন। ইয়ারুল ইসলামের দায়িত্ব ছিল সোমবার দিবাগত রাত ১০টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত। গতকাল সকাল ছয়টার দিকে মিকাঈল হোসেন নামে আরেক নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করতে এসে দেখেন, প্রধান ফটক খোলা ও ভাঙা। এ সময় তিনি ইয়ারুলকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে নিরাপত্তাকর্মীদের বিশ্রামের ঘরে যান। সেখানে খাটের ওপর মাথায় কুপিয়ে হত্যা করা লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিরাপত্তাকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর মাথায় চারটি কোপের চিহ্ন রয়েছে। ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে তিনি প্রায় আড়াই বছর কাজ করছিলেন। হত্যাকারীরা ফাউন্ডেশনের অফিসকক্ষে ঢুকে সেখানকার কাগজপত্র তছনছ করে। প্রাথমিকভাবে হত্যা কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সকাল আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, সেখানে স্বজনদের আহাজারি চলছে। হত্যার শিকার নিরাপত্তাকর্মীর স্ত্রী রাজিয়া সুলতানা কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। শত শত মানুষ সেখানে ভিড় করছে। লাশটি খাটের ওপর এমনভাবে রয়েছে, যেন ঘুমাচ্ছে। রক্তে ভেসে গেছে।
আবালপুর গ্রামের বাসিন্দা পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান পলাশ বলেন, ‘ইয়ারুলের সঙ্গে কারও শত্রুতা বা বিরোধের কথা আমরা শুনিনি।’
ইয়ারুলের ছেলে রিয়াদুল অষ্টম শ্রেণি ও মেয়ে তারিন তৃতীয় শ্রেণিতে পড়ে। নিরাপত্তাকর্মীর চাকরি ছাড়া তিনি চাষাবাদ করতেন।