মাগুরা-১ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাগুরা-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়কে প্রচার চালাতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী আজ বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তপন কুমার রায় অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাবের লোকেরা তাঁকে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছেন না। নির্বাচনী প্রচারণা দূরে থাক, ভয়ে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না। এ জন্য প্রেসক্লাবে সংবাদ সম্মেলন না করে বাড়িতে করতে বাধ্য হয়েছেন।
এই প্রার্থীর অভিযোগ, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাঁর নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত মাইক ও যানবাহন ভাঙচুর এবং পুড়িয়ে দিয়েছেন। বিষয়টি পুলিশকে জানিয়েও লাভ হয়নি।। পুলিশও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছে।
যোগাযোগ করা হলে ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ওসব নিয়ে ভাবার সময় নাই। সে (তপন রায়) যা পারে, বলে বেড়াক।’
এ প্রসঙ্গে জানতে চাইলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী প্রথম আলোকে বলেন, তপন রায়ের নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহন ও মাইক ভাঙচুরের বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। এর পরও তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলে কিছু বলার নেই।
মাগুরা-১ আসনের সাংসদ অধ্যাপক মুহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩০ মে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাবসহ চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন না।