মাগুরায় আওয়ামী লীগ নেতা খুন
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ সাহা (৪৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
প্রথম আলোকে দেওয়া প্রতাপ সাহার বড় ভাই প্রণব সাহার ভাষ্য, শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের রাধানগর বাজারের পাশেই তাঁদের বাড়ি। বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা প্রতাপকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত নয়টার দিকে গোঙানির শব্দে বাড়ির লোকজন বের হয়ে আসে। বাড়ি থেকে প্রায় ২০ গজ দূরে ঝোপের পাশে রক্তাক্ত অবস্থায় প্রতাপকে পাওয়া যায়। তাঁর বুকের বাঁদিকে ছুরির আঘাতের ক্ষত ছিল। তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অরুণ কুমার ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই প্রতাপের মৃত্যু হয়। ছুরিকাঘাতে হৃৎপিণ্ড ফুটো হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তাঁর।
প্রতাপ সাহা রাধানগর মাধ্যমিক বিদ্যালয়, রাধানগর বাজার বণিক সমিতি ও কাদিরপাড়া ইউপি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাধানগর এলাকার তৌহিদ, সাইদুল ও পরান নামের তিনজনকে আটক করা হয়েছে।