মাগুরায় কথিত জিনের বাদশা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে গৃহবধূদের স্বর্ণের মূর্তি বা গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে আবদুর রহিম (৫৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল শনিবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালি ৩ নম্বর সেতু এলাকা থেকে ৩৩৫ গ্রাম ওজনের একটি পিতলের লক্ষ্মী মূর্তিসহ তাঁকে আটক করা হয়।
মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, প্রতারক চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আবদুর রহিমসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষ বিশেষ করে গৃহবধূদের মুঠোফোনে ফোন করে নিজেকে জিনের বাদশা পরিচয় দেন। পরে তাঁদের সোনার মূর্তি বা গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। কথিত জিনের বাদশা প্রতারক আবদুর রহিম মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের এক গৃহবধূকে সোনার মূর্তি পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে বিকাশে এক লাখ টাকা হাতিয়ে নেন। পরে ওই গৃহবধূর কাছ থেকে আরও টাকা হাতিয়ে নিতে আবদুর রহিম একটি পিতলের মূর্তি নিয়ে মাগুরায় আসেন। খবর পেয়ে কৌশলে ফাঁদ পেতে গোয়েন্দা পুলিশ গতকাল আবদুর রহিমকে আটক করে।