মাগুরায় গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার বাহিরমল্লিকা খালপাড় থেকে আজ সোমবার সকালে আব্বাস হোসেন (৩৮) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

আব্বাসের স্ত্রী লিপি বেগমের সঙ্গে কথা বলে ওসি জানান, নিহত আব্বাস পেশায় নছিমন চালক ছিলেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার ধূপখালী গ্রামের হাসেম আলীর ছেলে। শালিখা উপজেলার শতখালী গ্রামে তিনি থাকতেন। আব্বাস গতকাল রোববার সকালে নছিমন নিয়ে বের হন। কিন্তু রাত নয়টার দিকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

ওসি জানান, আজ সকাল আটটার দিকে তালখড়ি ইউনিয়নের বাহিরমল্লিকা খালপাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ আব্বাসের গলাকাটা লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আব্বাসের নছিমনটি পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।