মাগুরায় ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা
মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পসের মধ্যে ঢুকে রাজন খান (২৮) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আরিফ হোসেন (২৭) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
রাজন খান শহরের খানপাড়ার ওহাব খানের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের আগের কমিটির সদস্য ছিলেন। আরিফ হোসেনও খানপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের ভেতরে রাজন খান অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছয়টি মোটরসাইকেলযোগে আসা অন্তত ১২ যুবক চারদিক থেকে তাঁকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা তাঁর পেটে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা আরিফ হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রাজনের সহযোগীরা এগিয়ে এলে হামলাকারীরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে রাজনের মৃত্যু হয়। আরিফের অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য আলী আহমেদ প্রথম আলোকে বলেন, রাজন খান মাগুরা পৌর ছাত্রলীগের আগের কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে মাগুরা শহরের মীরপাড়া ও খানপাড়ার যুবকদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুটি দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। যুবকদের অধিকাংশই ছিল ছাত্রলীগের কর্মী। পরে পুলিশ ও দুই পাড়ার জ্যেষ্ঠ বাসিন্দাদের প্রচেষ্টায় বিষয়টির মীমাংসা করা হয়। ধারণা করা হচ্ছে, গতকালে হামলা ও খুনের ঘটনার সঙ্গে ওই ঘটনার সম্পর্ক আছে।