মাগুরায় দগ্ধদের মধ্যে তিনজনের মৃত্যু

মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ আরও একজন মারা গেছেন। তাঁর নাম মতিন বিশ্বাস। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে শাকিল হোসেন নামে আরেকজন মারা যান। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন মারা গেলেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয়জন।
গতকাল শনিবার রাতে সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে ট্রাকে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ নয়জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রওশন আলী নামের একজন মারা যান।
মাগুরায় দগ্ধ একজনের মৃত্যু, আটজন বার্ন ইউনিটে
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমুল হোসেন, ইলিয়াস হোসেন, ফারুক আহমেদ, আরব আলী, ইয়াদুল ইসলাম ও ট্রাকের চালক ইমরান আলী। তাঁদের সবার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, মাগুরা সদর থেকে বালুবোঝাই ট্রাকটি শালিখা উপজেলার ভাটইখালি গ্রামে যায়। সেখানে বালু নামিয়ে শহরে ফেরার পথে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা ট্রাকটিতে দুটি পেট্রলবোমা ছোড়ে। এতে মুহূর্তেই ট্রাকে আগুন ধরে যায়। চালকসহ নয়জন দগ্ধ হন। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক চিত্তরঞ্জন বিশ্বাস জানিয়েছিলেন, পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের শরীরের ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।