মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে গতকাল সোমবার পূর্ববিরোধের জের ধরে কাজী ও সর্দার গোষ্ঠীর লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ১৩টি পরিবারের অন্তত ২০টি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। একটি ঘরে আগুন লাগানো হয়।
পুলিশ ও গ্রামের লোকজন জানান, এক বছর আগে বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের কাজী আতিয়ার রহমানের (রউফ কাজী) যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে কাজী সাহাবুর বিয়ে করেন। গ্রাম্য দলাদলির কারণে ওই বিয়েতে প্রতিবেশী শাহজাহান সর্দার ও তাঁর লোকজন দাওয়াত না পেয়ে কাজী গোষ্ঠীর ওপর ক্ষুব্ধ হন। বিয়ের আগের রাতে বাড়ির সামনে নির্মাণ করা তোরণ কে বা কারা পুড়িয়ে দেয়। ওই ঘটনায় কাজীবাড়ির পক্ষ থেকে শাহজাহান সর্দারকে প্রধান সন্দেহভাজন আসামি করে তাঁর লোকজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন।
গত রোববার সকালে শাহজাহান সর্দারের সমর্থক আরজু সর্দার লোকজন নিয়ে কাজী আতিয়ার রহমানের বাড়িতে যান। তাঁরা শাহজাহান সর্দারসহ তাঁদের বিরুদ্ধে করা মামলাটি তুলে নিতে চাপ সৃষ্টি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা কাজী আতিয়ার রহমান ও তাঁর পরিবারের ১২ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন।
ওই ঘটনার পর গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সর্দার গোষ্ঠীর লোকজন কাজী গোষ্ঠীর বাড়িতে আবারও হামলা চালান। এ সময় তাঁরা কাজী গোষ্ঠীর চারটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। ওই হামলার খবর ছড়িয়ে পড়লে বড়রিয়াসহ পাশের মৌশা ও নিখোড়হাটা গ্রামে কাজী গোষ্ঠীর সহস্রাধিক সমর্থক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সর্দার গোষ্ঠীর নয়টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় শাহজাহান সর্দারের একটি রান্নাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৩টি রাবার বুলেট ও চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শাহজাহান সর্দারের স্ত্রী সালমা বেগম (৩৮) প্রথম আলোকে বলেন, ‘শত শত মানুষ হামলা করেছে। আমরা ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছি। তারা বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়ে গেছে।’
কাজী আফজাল হোসেনের স্ত্রী রত্না খাতুন (৩৫) বলেন, ‘বাড়ির কিছুই নেই। সবকিছু লুট হয়েছে। তিন-চার লাখ টাকার মালামাল নেছে। যা নিতে পারেনি তা ভাঙচুর করছে।’
হাসপাতালে চিকিৎসাধীন কাজী আতিয়ার রহমান (৮০) অভিযোগ করেন, ‘শাহজাহান সর্দার ও তাঁর লোকজন আগের দিন আমাদের মেরেছে। পরদিন বাড়িঘরে হামলা করে লুটপাট করেছে।’
শাহজাহান সর্দার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাজীরা আমিসহ আমার লোকজনের নামে মিথ্যা মামলা করেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, ১২-১৪টি ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। দু-একটি ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। কাউকে আটক করা হয়নি। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।