মাগুরায় নবগঙ্গার তীর থেকে ৩৫টি স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় নবগঙ্গা নদীর তীর থেকে অন্তত ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে ছিলেন মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, শহরে নতুন বাজারের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় নবগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর পাশে বেশ কিছু দোকানঘর ও স্থাপনা নির্মাণ করেছিলেন স্থানীয় লোকজন। এ জন্য নদীর ভেতর পিলার বসানো হয়। এতে নদী দখল ও দূষণ দুটোই ঘটছিল। দখল হয়ে যাওয়া ওই জায়গার কিছু অংশ সরকারি খাস খতিয়ানভুক্ত এবং কিছু অংশ সড়ক ও জনপথ বিভাগের। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এ সময় ৩৫-৪০টি দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

তবে উচ্ছেদের শিকার কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, তাঁরা দুই-তিন দশক ধরে এখানে ব্যবসা চালাচ্ছেন। উচ্ছেদের আগে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানোয় তাঁরা চরম ক্ষতির শিকার হয়েছেন।

এ ব্যাপারে নির্বাহী হাকিম জাকির হোসেন বলেন, আইন মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে দখলদারদের নোটিশ দেওয়ার কোনো সুযোগ নেই।