মাগুরায় নারীকে অ্যাসিড নিক্ষেপ, গ্রেপ্তার ৩
বিরোধের জের ধরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে তিন ব্যক্তি অ্যাসিড ছুড়ে মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত ওই কর্মচারীর নাম সেলিনা খাতুন (৩৬)। অ্যাসিডে তাঁর কপাল, মুখের বাঁ পাশের নিচের দিকে ও বাঁ হাতের কিছু অংশ ঝলসে যায়। গত সোমবার রাতে শহরের আদালতসংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় সেলিনা বাদী হয়ে গতকাল মঙ্গলবার তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা মাগুরা জেলা ও দায়রা জজের পিয়ন। তিনি শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়ার আমিরুল হাসানের স্ত্রী। সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি জেলা ও দায়রা জজের সরকারি বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা তাঁর ওপর অ্যাসিড ছুড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়।
আমিরুল হাসান বলেন, সেলিনা খাতুন তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁদের বিয়ে ও পারিবারিক কারণে সেলিনার সঙ্গে শহরের পারলা গ্রামের জাভেদ হোসেন ও সেলিম হোসেনের বিরোধ ছিল। তাঁরা সম্পর্কে সেলিনার আত্মীয়। তাঁর অভিযোগ, এ দুজনই ওই ঘটনা ঘটিয়েছেন।
মাগুরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুক্তাদির রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেলিনা খাতুনের ওপর অ্যাসিড মারা হয়েছে। তবে সেটি তেমন শক্তিশালী নয়। তাই সামান্য আহত হয়েছেন তিনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, মামলার আসামি মো. সেলিম, জাভেদ ও আমিরুলের প্রথম স্ত্রী চম্পা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।