মাগুরায় পাসপোর্ট অফিসে ছাত্রলীগের হামলা, মারধর
মাগুরা পাসপোর্ট অফিসে ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটকে মারধর করেছেন। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আজ রোববার দুপুরে ওই ঘটনা ঘটে।
মাগুরা পাসপোর্ট অফিসের উপপরিচালক সাজ্জাদ হোসেন ও পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ চার-পাঁচজন কর্মী নিয়ে জেলা পাসপোর্ট অফিসে যান। তাঁরা আসাদ নামে এক ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর কাগজপত্র জমা রেখে পাসপোর্ট করে দিতে বলেন। কিন্তু উপপরিচালক সাজ্জাদ হোসেন এটি করতে রাজি হননি। এরপর সবুজের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা সাজ্জাদ হোসেন ও রেকর্ডকিপার কবির হোসেনকে মারধর করেন। এ সময় তাঁরা উপপরিচালকের টেবিলের কাচ এবং কিছু জিনিস ভাঙচুর করেন।
এ খবর ওই অফিসে ছড়িয়ে পড়লে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ছাত্রলীগের নেতা সোহরাব হোসেন সবুজ, রানা ও তানভিরকে মারধর করেন। বেলা একটার দিকে পুলিশ গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে ছাত্রলীগের আরও নেতা-কর্মী সেখানে যান। এ সময় মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন রায় ও মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি ছাত্রলীগের নয়। ব্যক্তিগত পর্যায়ে কেউ অপরাধ করলে সংগঠন তার দায় নেবে না।’
ঘটনার পর সাংবাদিকেরা ঘটনাস্থলের ছবি তুলতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। দৈনিক সকালের খবর-এর স্থানীয় প্রতিনিধি আবু বাসার আখন্দ প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ভাঙচুরের ছবি তুলতে গেলে জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর চড়াও হয়।’
এএসপি সুদর্শন রায় প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় কাউকে আটক করা হয়নি। পাসপোর্ট অফিসের পক্ষÿথেকে মামলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের কেন ছেড়ে দেওয়া হলো জিজ্ঞেস করলে তিনি বলেন, মামলা হয়নি, তাই ছেড়ে দেওয়া হয়েছে।