মাগুরায় পুলিশের গুলিতে একজন নিহত
মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা বড় মান্দারতলা এলাকায় গত রোববার গভীর রাতে পুলিশের গুলিতে উজ্জ্বল বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, উজ্জ্বল ডাকাত ছিলেন। দুই পক্ষের পাল্টাপাল্টি গুলিবিনিময়ে তিনি নিহত হন। তাঁর বাড়ি বালিয়াডাঙ্গার পাশে চাঁদপুর গ্রামে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি দল মাগুরা-নড়াইল সড়কের বড় মান্দারতলা এলাকায় যায়। পুলিশ সেখানে দেখতে পায়, সড়কের ওপর গাছ কেটে ফেলে রাখা হয়েছে। গাড়ি থেকে নেমে গাছ সরাতে গেলে একদল ডাকাত পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও ডাকাতদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গোলাগুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উজ্জ্বলকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, চারটি গুলিভর্তি একটি ম্যাগাজিন, দুটি ধারালো অস্ত্র ও গাছ কাটার করাত উদ্ধার করে। এ ছাড়া দুই পক্ষের গুলি চলাকালে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ বলেন, ‘রাত দুইটার পরে বুকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনে পুলিশ।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, উজ্জ্বলের বিরুদ্ধে সদর থানাতেই ডাকাতির অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। রোববার রাতের এ ঘটনায় দুটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য উজ্জ্বলের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।