মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ ২
মাগুরার শালিখা উপজেলায় দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় এক ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শালিখা থানার পাশে আড়পাড়া ডিগ্রি কলেজের সামনে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. মিলন (৩৫) ও তাঁর সহকারী ইমরুল (১৮)। দুজনেরই বাড়ি যশোরে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আদাবোঝাই ট্রাকটি বেনাপোল থেকে ঢাকা যাচ্ছিল। ঘটনার সময় অবরোধ-সমর্থক কয়েকজন ট্রাকটি লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে। এতে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়। আগুনে ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে তাঁদের যশোর পাঠানো হয়।
আজ বুধবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ২৩তম দিন। গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে টানা এ অবরোধ চলছে। তবে সহিংসতার শুরু এর দুই দিন আগে থেকে। ৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ৩৮ জন। আগুন দেওয়া হয় ৩৩৮টি যানবাহনে ও ভাঙচুর করা হয় ৪৩১টি গাড়ি।