মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত বিএনপি কর্মী আবদুল কুদ্দুস মোল্লা (৪৫) গত শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে মারা যান। এ ঘটনার জেরে রাতেই এক পক্ষ আরেক পক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লুৎফর মিয়ার সঙ্গে বিএনপি থেকে আওয়ামী লীগে নতুন যোগ দেওয়া আরজু মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত বুধবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ-ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নিহত কুদ্দুস মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আবদুল কুদ্দুসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই আরজু মোল্লার লোকজন প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।