মাগুরার গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে

অবস্থার কিছুটা অবনতি হওয়ায় মাগুরার গুলিবিদ্ধ শিশুটিকে আজ বৃহস্পতিবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, শিশুটির শরীরে কিছু জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকেরা মনে করছেন তার বিশেষ যত্নের প্রয়োজন। এ জন্য আজ সকালে শিশুটিকে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারির বিভাগীয় প্রধান আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত থেকে শিশুটির কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছিল। ওর শরীরের প্লাটিলেট ৫০ হাজারে নেমেছে। এর পরিমাণ কমপক্ষে দেড় লাখ হওয়ার কথা। শিশুটিকে স্যালাইন দেওয়া হচ্ছে।’
চিকিৎসকেরা বলেন, অসময়ে কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের স্বাভাবিকভাবেই সংক্রমণের ঝুঁকি থাকে। বুলেটবিদ্ধ হওয়ায় এই ঝুঁকি এখন বেশি।
আজ দুপুরে হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ও তো পৃথিবীতে আসার আগে থেকেই সমস্যার মধ্যে আছে। অপরিণত জন্ম, কম ওজন নিয়ে জন্ম নেওয়া, পেটের মধ্যে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া—সবকিছুই ওর জন্য রিস্ক ফ্যাক্টর। এসব মাথায় রেখেই নিবিড় তত্ত্বাবধান চলছে। ওকে নিয়ে আমরা সবাই চিন্তিত।’
অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, আজ সকালে হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞরা মিলে বসেছিলেন। সমন্বিতভাবে সেবা দেওয়ার জন্যই বসা হয়েছে, যাতে কোনো দিক বাদ না থেকে যায়। ওই নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম। ছোট্ট শরীরে অস্ত্রোপচারের ধকল গেছে। তাই আইসিইউর বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সংক্রমণ যাতে না হয়, সে দিকে বেশি খেয়াল রাখতে হচ্ছে। আজ ওর মা আসবেন। নবজাতকের কথা চিন্তা করে মাকে কেবিনে রেখে সেখান থেকে বুকের দুধ নিয়ে নবজাতককে খাওয়ানোর কথা চিন্তা করা হচ্ছে।
আরও জানতে পড়ুন
জন্মের আগেই মাকে বাঁচিয়েছে শিশুটি!