মাগুরার মহম্মদপুর থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা অভিযোগে মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে মাগুরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মেহেরপুর সদর থানার ওসি আতিয়ার রহমানকে মহম্মদপুরের ওসি হিসেবে বদলি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘গত আগস্ট মাসে আমি মহম্মদপুর থানার ওসি হিসেবে যোগ দিই। মহম্মদপুর দাঙ্গাপ্রবণ এলাকা। সামাজিক দলাদলি প্রকট। ওসি হিসেবে যোগ দেওয়ার পর কয়েকটি খুন, দাঙ্গা-মারামারি, চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটেছে। আমি সেগুলো শক্ত হাতে দমনের চেষ্টা করেছি। কোথায়, কে কাকে, কখন খুন করবে—তা পুলিশের জানা-বোঝার কথা নয়। তবে ঘটনার পর দোষীদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছি কি না, সেটাই বড় বিষয়। আমি মনে করি, আমি দ্রুত ও কার্যকর পদ‌ক্ষেপ নিয়েছি। তার পরও আমাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাই কিছুই বলার নেই।’

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, মহম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হতে পারত, কিন্তু তা হয়নি। তাই তাঁকে (মতিয়ার রহমান) গতকাল রাতে প্রত্যাহার করা হয়েছে। মেহেরপুর সদরের ওসিকে মহম্মদপুরে বদলি করা হয়েছে। তিনি খুব শিগগির যোগ দেবেন।