মাগুরার যুবকের লাশ পাওয়া গেল ঝিনাইদহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের মোল্লাপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে নূর মোহাম্মদ ওরফে নূর আলম (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামে।

স্থানীয় লোকজন বলেন, গতকাল সকালে মোল্লাপাড়া মসজিদের সামনের একটি নির্মাণাধীন ভবনে মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। ঝিনাইদহ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, নিহত ব্যক্তির নাম নূর মোহাম্মদ ওরফে নূর আলম। তিনি মাগুরা সদরের শিবরামপুর গ্রামের বাসিন্দা। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ বলছে, নূর আলমকে মাগুরা থেকে ধরে নিয়ে এসে হত্যার পর ওই স্থানে লাশ ফেলে রাখা হয় বলে তারা ধারণা করছে। আজবাহার আলী বলেন, নূর আলমের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পরই বিস্তারিত জানা যাবে।