মাগুরায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত
মাগুরা সদর উপজেলার রূপদহ গ্রামে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। অন্তত অর্ধশত বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে।
রূপদহ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দার ভাষ্য, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সঙ্গে ইউপি সদস্য ও আওয়ামী লীগ সমর্থক মুক্তার শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান পদে ২১ জুলাইয়ের উপনির্বাচন ঘিরে বিরোধ আরও জটিল আকার ধারণ করে। আজকের সংঘর্ষে মুক্তার শেখের ভাই নান্নু শেখ (৩৮) মারা যান।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রের ভাষ্য, জহুরুল ইসলাম প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখরের পক্ষের আর মুক্তার শেখ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের পক্ষের। উপনির্বাচনে দলীয়ভাবে শিখরের পক্ষের সাবেক উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীকে সমর্থন দেওয়া হয় এবং তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। একই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিমন্ত্রীর পক্ষের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু। তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নির্বাচনের জয়-পরাজয় নিয়ে রূপদহ গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম ও মুক্তার শেখের সমর্থকেরা নতুন করে আজ সকাল সাতটার দিকে বিরোধে জড়ায়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো নানা অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন হামলা-পাল্টা হামলা চালাতে থাকে এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তার শেখের ভাই নান্নু শেখ মারা যান। বাকিরা সেখানেই চিকিৎসাধীন আছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অর্ধশতাধিক ফাঁকা গুলি ছুড়ে।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।