মাগুরায় আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, ছয়টি বাড়িতে ভাঙচুর
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পাশা গ্রামে গত রোববার রাতে আধিপত্যের বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় দুটি দোকান ও ছয়টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্যের বিস্তার নিয়ে রায়পাশা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও বিএনপির নেতা রসুল বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে রোববার রাত আটটার দিকে গ্রামের একটি চায়ের দোকানে হাবিবুর রহমানের সমর্থক জাফর মোল্লার সঙ্গে রসুল বিশ্বাসের সমর্থক আফজাল হোসেনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে সোহাগ হোসেন (২৫), আবু জাফর (৫০), শফিকুল ইসলাম (২৩), মো. মন্টু মিয়া (৫২), সোহাগ বিশ্বাস (৩৫), ফসিয়ার মোল্লা (৪৫), আকুব্বর হোসেন (৫০), মোহন মোল্লা (৪৮), আশিকুর রহমান (১৭) ও জিল্লুর রহমানকে (৩২) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় মঞ্জুর মোল্লা ও সাহেব মোল্লার দুটি দোকান এবং আনোয়ার মোল্লা, মান্নান মোল্লা, মোহন মোল্লা, ফসিয়ার মোল্লা, ভাদু শরিফ ও ফরমান শরিফের বাড়িতে ভাঙচুর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, ওই ঘটনায় হাবিবুর রহমানের সমর্থক জাফর মোল্লা বোববার রাতেই ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মো. শাহাজাহান, গোলাম মোস্তফা ও জাকির হোসেন নামে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।