মাগুরায় আ.লীগের দুই পক্ষে আবারও সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বেরইল ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক ফাঁকা গুলি ছোড়ে।
এর আগে গত বৃহস্পতিবার একই উপজেলার রূপদহ গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ডহরসিংড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ওই গ্রামের বাসিন্দা মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় কর্মী শফিক মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২১ জুলাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ঘিরে তাঁদের মধ্যে বিরোধ আরও জটিল আকার ধারণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এনামুল হক ও শফিক মোল্লার পক্ষের লোকজন গতকাল সকাল ছয়টার দিকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা একে অপরের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালাতে থাকেন। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং শতাধিক ফাঁকা গুলি ছুড়ে তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। ১৭ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, মূলত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। দুই পক্ষই আওয়ামী লীগের কর্মী-সমর্থক। তবে শফিক মোল্লার পক্ষে বিএনপির সমর্থকেরাও অংশ নেন।