মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
মাগুরা সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শত্রুজিৎপুর ইউনিয়নের রূপদহ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কমপক্ষে অর্ধশত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।
গ্রামবাসীর কয়েকজন জানান, উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সঙ্গে ইউপি সদস্য ও আওয়ামী লীগ-সমর্থক মুক্তার শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২১ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনকে ঘিরে তাঁদের মধ্যে বিরোধ আরও জটিল আকার ধারণ করে। গতকাল সকালে ওই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মুক্তার শেখের ভাই নান্নু শেখ (৩৮) মারা যান।
পুলিশ ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২১ জুলাই নির্বাচনের পর জয়-পরাজয় নিয়ে রূপদহ গ্রামের জহুরুল ইসলাম ও মুক্তার শেখের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এরই জের ধরে গতকাল সকাল সাতটার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের লোকজন একে অপরের কমপক্ষে অর্ধশত বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালান। হামলায় উভয় পক্ষের কমপক্ষে ২৪ জন আহত হন। তাঁদের মধ্যে ১৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুক্তার শেখের ভাই নান্নু শেখ মারা যান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৯টি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে রূপদহের পাশের সুন্দরপুর ও কালুপাড়া গ্রামের দুই পক্ষের সমর্থকেরাও অংশ নেন।
মাগুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।
গতকাল বিকেলে শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে উত্তেজনা রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। নিহত নান্নু শেখের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।