মাগুরায় আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
ছাত্রলীগের এক নেতাকে মারধরের জেরে গতকাল বুধবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত ও একটি বাড়িতে হামলা চালানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪টি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বেলা দেড়টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালেহ ইমরানের সমর্থিত ছাত্রলীগের সাত-আট কর্মী সদরের আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজাদ মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে পান্নু মোল্লার কয়েক শ সমর্থক উপজেলা পরিষদের পাশে অবস্থিত সালেহ ইমরানের বাড়িতে হামলা চালান। পরে বেলা আড়াইটার দিকে ইমরানের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় পান্নুর সমর্থক এক ব্যবসায়ীর পোলট্রি ফিডের দোকানে হামলা চালায়।
এরপর দুই পক্ষ তাঁদের সমর্থকদের জড়ো করে সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে থাকে। সদর ও বালিদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মী-সমর্থকেরা জড়ো হতে থাকেন। উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এগোতে থাকলে পুলিশ কানাইনগর এলাকায় পেট্রলপাম্পের কাছে পান্নুর লোকজনকে আটকে দেয়। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছুড়লে তাঁরা পিছু হটেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন। এ সময় মাগুরা-মহম্মদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে চলাচলকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার ঘটনায় অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নাম জানা যায়নি। সংঘর্ষের জন্য দুই পক্ষই আবার প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা বিরাজ করছে। শহরের প্রধান প্রধান সড়কে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। দুপক্ষই ক্ষমতাসীন দলের হওয়ায় পুলিশ কারও বিরুদ্ধেই শক্ত অবস্থান নিতে পারছে না বলে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন। প্রায় তিন ঘণ্টা ধরে ওই উত্তেজনা চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন বলেন, আওয়ামী লীগের একটি পক্ষ স্থানীয় সাংসদ বীরেন শিকদারের সমর্থক। অন্য পক্ষ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের সমর্থক।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইদুল শেখ গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনাটি ছাত্রলীগের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ঘটেনি। এটা ব্যক্তিগত পর্যায়ের ঝামেলা। পরে সেটা দুই পক্ষের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে। সদর ইউনিয়নের সঙ্গে বালিদিয়া ইউনিয়নের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তবে কোনো রাজনৈতিক বিরোধ নয়।
যোগাযোগ করা হলে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বিষয়টি রাজনৈতিক। দুই পক্ষের বিরোধ। পুলিশ সুপার এসেছেন। দুই পক্ষ বসে মীমাংসার চেষ্টা চলছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ১৪টি গুলি ছুড়েছি। তবে কাউকে আটক বা মামলা হয়নি।’
জিজ্ঞেস করা হলে মাগুরা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাগুরা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।