মাগুরায় একসঙ্গে তিন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের বটিকাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বন্দুকযুদ্ধে তাঁরা মারা যান।

মাদকের ভাগাভাগি নিয়ে তাঁদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল। নিজেদের মধ্যেই গোলাগুলিতে তাঁরা নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ৩২০ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা, ৬ বোতল ফেনসিডিল, ২টি গুলি ও ৮টি কার্তুজ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তিরা হলেন মাগুরা শহরের ভায়না এলাকার মৃত মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৪৮), নতুন বাজারের খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী (৩২) ও ইসলামপুরপাড়ার আবদুর রাজ্জাক ঢালির ছেলে রায়হান ঢালি (২২)।

স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল রাত একটার দিকে তাঁরা হঠাৎ করে গুলির শব্দ শুনতে পান। ঘর থেকে বের হয়ে দেখেন, বাটিকাডাঙ্গা তিন রাস্তার মোড় এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তিন ব্যক্তি পড়ে আছেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাঁদের মাগুরা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, রাত একটার দিকে তাঁরা খবর পান, বাটিকাডাঙ্গা এলাকায় তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নেয়।

ইলিয়াস হোসেন বলেন, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁদের মধ্যে বাচ্চুর বিরুদ্ধে ৭টি, বাকি দুজনের বিরুদ্ধে ১০টি করে মামলা রয়েছে।