মাগুরায় কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলা থেকে স্বপন বিশ্বাস (১৫) নামে এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার নাকোল ইউনিয়নের (ইউপি) মধুপুর গ্রামের মাঠ থেকে স্বপনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত স্বপন একটি ওয়ার্কশপের কর্মী ছিল।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বপন মধুপুর গ্রামের দশরথ বিশ্বাসের ছেলে। সে শ্রীপুরের গাংনালিয়া বাজারে একটি ওয়ার্কশপে (লেদ) কাজ করত। ওয়ার্কশপেই থাকত। তিন-চার দিন আগে ওয়ার্কশপ থেকে সে বাড়ি আসে। আজ সকাল ১০টার দিকে স্বপনদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাটখেতের ভেতর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

স্বপনের বড় ভাই গোপাল বিশ্বাস পুলিশকে বলেন, রাতের খাবার খেয়ে স্বপন ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন স্বপনকে হত্যা করা হয়েছে।
এদিকে গোপাল বিশ্বাসের স্ত্রী শম্পা বিশ্বাস বলেন, রাত দুইটার পরে তিনি স্বপনকে গায়ে জামা পরতে পরতে ঘরের বাইরে যেতে দেখেছেন। এত রাতে সে কোথায় যাচ্ছে বা পরে ফিরে এসেছে কি না, তা তিনি খোঁজ নেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ ও মামলা করার জন্য স্বপনের বাবা ও ভাইকে থানায় ডেকে আনা হয়েছে। এখনো হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।