মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা
মাগুরার মহম্মদপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় আলেক সর্দার ওরফে আলফু সর্দার (৭০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলেক সর্দারের ছোট ছেলে শরিফুল সর্দার (২৫) প্রথম আলোকে জানান, তাঁরা ছয় ভাই ও চার বোন। চার ভাই বিদেশে থাকেন। মা পক্ষাঘাতগ্রস্ত। বাবা আলেক সর্দার আলাদা একটি ঘরে ঘুমান। প্রতিদিনের মতো ওই দিন (মঙ্গলবার) রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তিনি (শরিফুল) ঘুম থেকে উঠে ঘরের বাইরে যান। ওই সময় তিনি বাবার ঘর থেকে একজনকে দৌড়ে বের হতে দেখেন। পরে ঘরের ভেতর গিয়ে বাবার রক্তাক্ত লাশ দেখতে পান।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, আলেক সর্দারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। চেহারা দেখে তাঁকে চেনার কোনো উপায় নেই। খবর পেয়ে গতকাল বুধবার সকাল পৌনে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, ওই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।